শনিবার, আগস্ট ২২, ২০২৬

বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ন জাতীয়
WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ন
বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ
বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ


সোনার দেশ ডেস্ক :


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বান্দরবান শহরে রাজার মাঠ এলাকায় তার বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বান্দরবান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক ইফতেখার মাহমুদ বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে রাত ১২টার দিকে বান্দরবান শহরে ট্রাফিক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ২০-২৫ জন যুবক।
পরে সেখান থেকে স্লোগান নিয়ে রাজার মাঠ এলাকায় এসে সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয় তারা। তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে ভবনে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউসের পরিদর্শক ইফতেখার মাহমুদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও কয়েক দফা তাদের বাধার মুখে পড়ে আগুন নেভানোর কাজ শুরু করতে পারেননি তারা।
বিক্ষোভকারীরা ফায়ার সার্ভিসের তিনটি পাইপ কেটে দিয়েছে বলেও জানান তিনি।

“পরে সেনাবাহিনী খবর দেওয়া হলে তারা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে আগুন নেভানোর কাজ শুরু করলে এক ঘণ্টা পর রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
“ততক্ষণে ভবনের নীচতলা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন উপরে যেতে পারেনি। আশপাশেও ছড়িয়ে যেতে পারেনি। এছাড়া দুইটি প্রাইভেট কার, দুটি মোটর সাইকেলও পুড়ে যায়।”

এদিকে এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে বলে জানান সদর থানা ওসি মাসুদ মো. শাহেদ পারভেজ।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।

কিন্তু কেউ হঠাৎ করে এরকম কাজ করে বসবে এটা খুব দু:খজনক ঘটনা। জনগণ শান্ত হলে পরিস্থিতি শান্ত থাকবে। আমরা সকলকে ধৈর্য্য ধরার অনুরোধ করছি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে পুলিশ এবং সেনা সদস্যের টহল বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: বিডিনিউজ