পাকিস্তানিদের ‘একগুঁয়েমির’ কারণেই যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল: জামায়াত আমির

সোনার দেশ ডেস্ক :
পাকিস্তানিদের ‘একগুঁয়েমির’ কারণেই একাত্তরে যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, “পাকিস্তানের শাসকগোষ্ঠী আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল। তাই দেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। ’৬৯ এর গণআন্দোলনের হাত ধরে ’৭০ এর সাধারণ নির্বাচন হয়েছিল।
“এই নির্বাচনের পর পাকিস্তানি শাসনগোষ্ঠীর একগুঁয়েমির কারণে নির্বাচিত দল ও জনপ্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন, তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি। সেদিন জনগণের ভোটের প্রতি সন্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।”
মঙ্গলবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে যুব ম্যারাথন অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির এই মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, “এদেশের ছাত্র-শ্রমিক, কৃষক-জনতা এক কাতারে শামিল হয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বুক ভরা আশা ও চোখ ভরা স্বপ্ন নিয়ে এই প্রিয় দেশটি সব ধরনের বৈষম্য হাত থেকে মুক্তি পাবে, সমাজে ন্যায় বিচার নিশ্চিত হবে, দেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে, জাতি হিসেবে গর্ব করে বুক ফুলিয়ে আমরা চলাফেরা করতে পারব; যারা সেদিন নির্বাচিত হয়েছিলেন তারা এমনটাই জাতিকে আশ্বস্ত করেছিলেন।
“কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যেদেশটির বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জদের ত্যাগ কোরবানির বিনিময়েও অর্জিত হয়েছিল। শাসকগোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি।
“সেদিন যারা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন, আহত-পঙ্গু হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।”
তথ্যসূত্র: বিডিনিউজ