বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে অনুমোদন, অমান্য করলে মামলা

সোনার দেশ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ অপরাহ্ন
ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে অনুমোদন, অমান্য করলে মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় গাছ কাটার ক্ষেত্রে এক গণবিজ্ঞপ্তি জারি করে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। আইন না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করা হবে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচারণা চালানো হয়।


এক গণবিজ্ঞপ্তিতে জানা গেছে, ‘বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬’ অনুযায়ী এখন থেকে নিজ জমির গাছ কাটতে হলেও বৃক্ষ সংরক্ষণ কর্মকর্তা তথা বিভাগীয় বন কর্মকর্তার পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।


আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তি অনুমতি ছাড়া গাছ কাটলে তার বিরুদ্ধে আইনের ১০ ধারা অনুযায়ী সরাসরি মামলা দায়ের করা হবে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আদেশক্রমে উপজেলাজুড়ে এ বিষয়ে মাইকিং করে জোর প্রচার চালানো হচ্ছে।


এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন বলেন, গাছ কাটার ক্ষেত্রে অনুমোদনের বিষয়টি কোনো হয়রানির জন্য নয়, বরং পরিবেশ সুরক্ষা ও অপরিকল্পিতভাবে বৃক্ষনিধন ঠেকাতেই এই নিয়ম। জমির মালিকরা কীভাবে সহজে এই অনুমোদন পাবেন, সে বিষয়ে বন বিভাগে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


তথ্যসূত্র: জাগোনিউজ