শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহান বিজয় দিবস আজ

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ন জাতীয়
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

নিজস্ব প্রতিবেদক:


আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির বিজয়ের ৫৪ বছর পূর্তি হল। জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরগাথার এক অবিস্মরণীয় দিন। বিশ্ব ইতিহাসে বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের এক স্বাধীন দেশের অভ্যুদয়ের দিন।
নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের।

যে অস্ত্র দিয়ে বর্বর পাকবাহিনী নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্ভ্রম কেড়ে নিয়েছে- সেই অস্ত্র পায়ের কাছে নামিয়ে রেখে এক রাশ হতাশা এবং অপমানের গ্ল¬ানি নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নেয় তারা। সেই থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে।
বিজয় দিবস সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোর প্রধান সড়ক ও সড়ক দ্বীপ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে। রাতে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। হাসপাতাল, কারাগার ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সংবাদপত্র বিশেষ সংখ্যা প্রকাশ করেছে, বেতার ও টিভি চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।

এই বিজয় বাঙালিদের জাতীয় পরিচয় সৃষ্টি করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বনিয়ন্ত্রণের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থাপনা গড়তে সময় লাগছে বটে। কিন্তু জাতির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের ক্ষেত্রে জাতির দুর্মর সংগ্রাম অব্যাহত আছে। নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়েই এই ধারা এগিয়ে যাচ্ছে। এই এগোনো অব্যাহত রাখতে উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশকে অপ্রতিরোধ্য হতে হবে। গণমানুষের এই প্রতিজ্ঞাই আজ খুব জরুরি।