যমুনা সেতু পশ্চিম সড়কে ট্রাকে আগুন
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেখে প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। কিন্তু পুলিশ পৌঁছার আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে সেখানে ট্রাকটির চালক ও সহকারী কাউকে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ যাচাই করে বিষয়টি তারা খতিয়ে দেখবেন বলে জানান।
তথ্যসূত্র: জাগোনিউজ