পার্বতীপুর আদর্শ কলেজের প্রদর্শক মনজিলা বেগম সড়ক দুর্ঘটনায় নিহত
দিনাজপুরের পার্বতীপুর আদর্শ কলেজে’র মনোবিজ্ঞান বিভাগের প্রদর্শক মনজিলা বেগম (৪৬) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩ টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর আদর্শ কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়।
জানা গেছে,পার্বতীপুর আদর্শ কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রদর্শক মনজিলা বেগম তাঁর চাচীকে দেখতে মোটরসাইকেল যোগে স্বামীর সাথে রংপুরের পীরগাছায় যান এবং শনিবার দুপুরে সেখান থেকে ফেরার পথে রংপুরের মিঠাপুকুর এলাকার সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে নীচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি একই কলেজের অফিস সহকারী আলমের স্ত্রী। তাঁর গ্রামের বাড়ি পার্বতীপুর উপজেলার কালিকাবাড়ী ডাঙ্গাপাড়ায়। তাঁর দুইটি পুত্র সন্তান রয়েছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।