কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যা, অভিযুক্ত আটক
কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মা ও ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আটক ইমনের মা পেয়ারা বেগম এবং ইমনের আট মাস বয়সী ভাতিজি। হামলায় গুরুতর আহত নারীর নাম রাবেয়া বেগম। তিনি অভিযুক্তের ভাবি।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলেন। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে গেলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। একই সঙ্গে ইমনকে একটি ঘরে আটকে রাখেন।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি