যৌন উত্তেজক ওষুধ তৈরি: এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড
ফরিদপুরে: ফরিদপুরে নিজের কারখানায় শিশুদের বেবি জেল, যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের অননুমোদিত পণ্য তৈরির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি পরিচালনা করে আসছিলেন বায়েজিদ। অভিযানে সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ এবং বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরির তথ্য পাওয়া যায়।
কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের তথ্যও পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বায়েজিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের পর বায়েজিদকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দলীয় অবস্থানও জানিয়েছে এনসিপির ফরিদপুর জেলা কমিটি। দলের সদস্যসচিব সাইফ হাসান খান বলেন, অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস নেই। দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজখবর নিয়ে কেন্দ্রকে জানানো হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ