শ্বাশুড়ির সামনে থাপ্পড় দেওয়ায় বাবাকে হত্যা
রংপুরের পীরগাছায় শ্বাশুড়ির সামনে থাপ্পড় দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ মৃত্যুর জন্য ছেলে হাসানুর রহমানকে (২২) দায়ী করছে পরিবার ও এলাকাবাসী।
নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাসানুর একজন মাদকাসক্ত। তিন মাস আগে তার বিয়ে হয়। স্বামী কোনো কাজ করেন না এবং মাদকাসক্তের বিষয়টি জানতে পেরে স্ত্রী বাবার বাড়ি চলে যান। এসব নিয়ে হাসানুর রহমানের সঙ্গে শ্বশুর বাড়ির সম্পর্ক খারাপ হয়।
শুক্রবার বিকেলের দিকে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে যান। কিন্তু হাসানুর শাশুড়িকে অসম্মান করেন। যা নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে শ্বাশুড়ির সামনেই ছেলে হাসানুরকে থাপ্পড় দেন তার বাবা। এ বিষয়টি ভালোভাবে নেয় না ছেলে হাসানুর।
পাশে থাকা একটি ছুরি দিয়ে তার বাবার বুকে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পর পালিয়ে যান হাসানুর।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক হাসানুরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ