বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাতে সাতক্ষীরার সড়কে ঝরল ২ প্রাণ

সোনার দেশ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:১১ অপরাহ্ন
রাতে সাতক্ষীরার সড়কে ঝরল ২ প্রাণ

সাতক্ষীরা: সাতক্ষীরায় রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) এবং সাতক্ষীরা-যশোর মহাসড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নিহত হন।


পৃথক এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।


নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।


প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস, কামরুল ইসলামসহ স্থানীয়রা জানান, কাজ শেষে মোটরসাইকেলযোগে কুমিরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন মেহেদী। পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।


এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকটির সামনের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।


এর কিছু সময় পর সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। সেখানে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নিহত হন।


সোহান সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুর হোসেনের ছেলে। ওই দুর্ঘটনায় জিম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম পৃথক দুটি দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।


তথ্যসূত্র: বাংলানিউজ