হাত-পা বাঁধা একজনের বিবস্ত্র মরদেহ উদ্ধার
বান্দরবানের লামায় হাত-পা বাঁধা মো. ছগির (৪৫) নামে একজনের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ড হাতিরঝিরি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. ছগির (৪৫) লামা রূপসীপাড়া ইউপির পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে জুমে কাজ করতে গিয়ে কয়েকজন জুম চাষী হাত-পা বাঁধা অবস্থায় বিবস্ত্র মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।
রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে স্বজনরা তার পরিচয় নিশ্চিত করে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, লামা রুপসী পাড়া ইউনিয়নের আম বাগান নামক একটি এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
তথ্যসূত্র: জাগোনিউজ