বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সাদা মাইক্রোবাসে করে অপহরণ, ৮ ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ

সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২২ অপরাহ্ন
সাদা মাইক্রোবাসে করে অপহরণ, ৮ ঘণ্টা পর মিলল ছাত্রদল নেতার মরদেহ
নিহত ইসফাতুল ইসলাম জিসান

কক্সবাজারের চকরিয়ায় অপহরণের আট ঘণ্টা পর ইসফাতুল ইসলাম জিসান (২৫) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়ার ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জিসান উপজেলার কাকারা ইউনিয়নের লোটনী এলাকার নাজিম উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক।


স্থানীয় সূত্র জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কে বা কারা জিসানকে অপহরণ করে নিয়ে যায়। এর আট ঘণ্টা পর খুটাখালীর ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


নিহতের বাবা নাজিম উদ্দিনের অভিযোগ, জিসানকে অপহরণ করে চকরিয়া পৌরসভার সবুজবাগের কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।


চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিনহাজ উদ্দিন বলেন, ‘জিসানকে অপহরণ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌর সদরে বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের আয়োজনে প্রতিবাদ সভা করা হবে।’


চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। পরিবারের পক্ষে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র: জাগোনিউজ