বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

অনিবন্ধিত নিউজ ওয়েবসাইট ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা

সোনার দেশ ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
অনিবন্ধিত নিউজ ওয়েবসাইট ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদমাধ্যমের নামে পরিচালিত পেজের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে সাংবাদিকের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।


ইয়াসের খান চৌধুরী বলেন, ওয়েব ব্রাউজারের মাধ্যমে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পেজ খুলে নিজেদের অনলাইন সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে আলোচনা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।


সাংবাদিক হিসেবে কাদের বিবেচনা করা হবে, সে বিষয়ে একটি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রয়োজন বলে মনে করেন তথ্য প্রতিমন্ত্রী। এ বিষয়ে সাংবাদিক সংগঠন, বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।


ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা ও নীতিমালার ক্ষেত্রেও নির্দিষ্ট মাপকাঠি থাকা প্রয়োজন।

এ সময় তিনি সাংবাদিক নেতাদের উদ্দেশে বলেন, ‘হু ইজ এ জার্নালিস্ট’—এই জিনিসটার একটা ডেফিনিশন আপনারা তৈরি করে দেবেন।  সাংবাদিকের গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণে সাংবাদিক নেতাদের কাছ থেকেই সরকার মতামত নিতে চায় বলেও জানান তিনি।


টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী। এ বিষয়ে সরকার কাজ করছে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।


ডিআরইউ নেতাদের সঙ্গে বৈঠকে টেলিভিশন সাংবাদিকদের বেতন কাঠামো এবং গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা ও নিয়মিত বেতন বৃদ্ধির বিষয়টি উঠে আসে।


এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, টেলিভিশন সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো নিশ্চিত করা গেলে তাদের মানোন্নয়ন, প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমের সামগ্রিক মানও উন্নত হবে।


নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করার বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। বাস্তবায়নের দায়িত্বে থাকা শ্রম মন্ত্রণালয়ের সঙ্গেও তিনি এ বিষয়ে কথা বলবেন বলে জানান।


ডিআরইউর নেতাদের সঙ্গে বৈঠকে সংগঠনটির বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও আলোচনা হয়। এসব দাবি পূরণ এবং গণমাধ্যমের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে সাংবাদিকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী।


তথ্যসূত্র: রাইজিংবিডি