৩০০ ফিটে ট্রাফিক আইন অমান্য-সার্জেন্টকে হেনস্তা, ২ জনের কারাদণ্ড
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে হেনস্তার শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় অসদাচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ায় দুই জনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
সাজাপ্রাপ্ত দুজন হলেন- মোসা. স্বপ্না এবং মাহফুজুর রহমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
আকতার হোসেন জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেলটি থামানোর সংকেত দেন।
পরে মোটরসাইকেলটি থামালে সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন।
এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়।
একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন।
সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্য সড়কে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে ওই দুইজনকে আটক করা হয়।
পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে বাধা কিংবা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের মতো ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ