বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সহকারী শিক্ষকদের যোগদান, মধ্য রাতেও নিয়োগপত্র

সোনার দেশ ০১ অক্টোবর ২০২৬ ০২:১৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ০১ অক্টোবর ২০২৬ ০২:১৬ অপরাহ্ন
সহকারী শিক্ষকদের যোগদান, মধ্য রাতেও নিয়োগপত্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করছেন। 


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করছেন।


এদিকে মধ্যরাতেও প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে। তবে এখনও শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি বলে জানা গেছে।


ময়মনসিংহের ২২ জন প্রার্থীর মধ্যে ২০ জন নিয়োগপত্র পেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনভর অনশনের পর মধ্যরাতে তাদের নিয়োগপত্র দেওয়া হয়।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীরা ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যথাসময়ে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।


যোগদানের পর ৪ অক্টোবর পদায়ন করা হবে। এরপর তাদের প্রশিক্ষণ নিতে হবে।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ সেপ্টেম্বর নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। তাদের ১ অক্টোবরের মধ্যে যোগদানের কথা বলা হয়।


অন্যদিকে সুপারিশ পাওয়ার পরও অনেকের নাম চূড়ান্ত নিয়োগের তালিকায় না থাকায় তারা নিয়োগের জন্য আন্দোলনে নামেন। ১ অক্টোবরের মধ্যে সবাই নিয়োগপত্র পাবেন বলে জানায় মন্ত্রণালয়।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ৫৩০ জন আবেদন করেননি বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। ফলে চূড়ান্ত আবেদনের সংখ্যা দাঁড়ায় ১৩ হাজার ৮৫৪ জনের। তাদের মধ্যে এখনো শতাধিক প্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হয়নি।


এদিকে গত ২৮ সেপ্টেম্বর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, ৮১৭ জনের তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে অনেকে ঠিকানা পরিবর্তন করেছেন। কারও কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।  


তিনি আরও জানান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা যাচাই করে নিয়োগপত্র দিচ্ছেন। ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এরপর চূড়ান্ত পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


তথ্যসূত্র: বাংলানিউজ