বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাজারে এলো ডায়াবেটিস ও স্থূলতার ওষুধ ‘টিজমা’

সোনার দেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
বাজারে এলো ডায়াবেটিস ও স্থূলতার ওষুধ ‘টিজমা’

বাজারে এলো ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় ব্যবহৃত টিরজেপাটাইডের (Tirzepatide INN) নতুন ব্র্যান্ড ‘টিজমা’।


বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও কার্যালয়ে পণ্যটির বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করে গ্লোব বায়োটেক লিমিটেড।


প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে নিজস্ব উৎপাদন ব্যবস্থায় টিরজেপাটাইড উৎপাদন ও বাজারজাতের উদ্যোগ দেশের ওষুধশিল্পে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


টিরজেপাটাইড একটি দ্বৈত জিআইপি (GIP) ও জিএলপি-১ (GIP-1) রিসেপ্টর অ্যাগোনিস্ট। এটি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের পাশাপাশি ক্ষুধা ও খাদ্যগ্রহণ কমাতে এবং ওজন ব্যবস্থাপনায় ভূমিকা রাখে। মূলত মার্কিন ওষুধ কোম্পানি এলি লিলি অ্যান্ড কোম্পানির (Eli Lilly and Company) মাউনজারো (Mounjaro) ও জেপবাউন্ড (Zepbound) ব্র্যান্ডের মাধ্যমে ওষুধটি বিশ্ববাজারে পরিচিত।


গ্লোব বায়োটেক জানিয়েছে, টিজমা সাবকিউটেনিয়াস ইনজেকশন হিসেবে সপ্তাহে একবার ব্যবহারের জন্য প্রি-ফিল্ড সিরিঞ্জ বা পেন আকারে পাওয়া যাবে। ২ দশমিক ৫, ৫, ৭ দশমিক ৫, ১০, ১২ দশমিক ৫ ও ১৫ মিলিগ্রাম এই ছয়টি ডোজে পণ্যটি বাজারজাত করা হবে।


প্রতিষ্ঠানটির ভাষ্য, টিজমা ডিজিডিএ (DGDA) অনুমোদিত এবং সিজিএমপি (CGMP) গাইডলাইন অনুসরণ করে তাদের নিজস্ব উৎপাদনকেন্দ্রে তৈরি করা হয়েছে। চলতি অক্টোবর মাস থেকে নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশনে দেশের অনুমোদিত হাসপাতাল, ফার্মেসি ও ডিস্ট্রিবিউশন চ্যানেলে এটি পাওয়া যাবে।


অনুষ্ঠানে গ্লোব গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ প্রতিষ্ঠানের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে মো. হারুনুর রশিদ বলেন, ‘টিজমা আমাদের পণ্য। আমেরিক্যান টেকনোলজি, আমাদের নিজস্ব উৎপাদন। এটি শুধু একটি পণ্য নয়, এটি বাংলাদেশের সক্ষমতার প্রমাণ। বঙ্গভ্যাক্স থেকে শুরু করে বায়োসিমিলার ইনসুলিনপ্রোটিন এবং আজকের টিরজেপাটাইডের মতো জটিল পেপটাইড গ্লোব বায়োটেক প্রমাণ করেছে বিশ্বমানের বায়োলজিকস বাংলাদেশেই আবিষ্কার, গবেষণা ও উৎপাদন সম্ভব।’


তিনি বলেন, দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। তাদের জন্য বিশ্বমানের উদ্ভাবন সুলভ মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


গ্লোব বায়োটেক ২০১৫ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি কোভিড-১৯-এর টিকা ‘বঙ্গভ্যাক্স’ উদ্ভাবনের মাধ্যমে পরিচিতি লাভ করে।


তথ্যসূত্র: জাগোনিউজ