খুলনার সিভিল সার্জন ডা. মাহফুজা ডেঙ্গু আক্রান্ত
খুলনার সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গত বুধবার সকালে তিনি ডেঙ্গু পরীক্ষা করালে সেখানে পজিটিভ রিপোর্ট আসে। বর্তামানে তিনি সিভিল সার্জন কার্যলয়ের স্কুল হেলথ ভবনের অতিথি রুমে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মো. শওকত আলী।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ট্রেনিং শেষ করে বের হওয়ার পর সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। পরের দিন খুলনায় এসে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে গুরুতর অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। সেই পরামর্শ অনুযায়ী গত বুধবার সকালে ডেঙ্গু পরীক্ষা করলে সেখানে পজিটিভ রিপোর্ট আসে।
ডা. মোছা. মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনার সিভিল সার্জন পদে যোগদান করেন।
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি ২৫৬
খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার বেলা ১২টা থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ২৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯৩ জন ও বেসরকারি হাসপাতালে ৬৩ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬৬৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১২৪ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ১৬৭ জন রোগী। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে ৩২৮ জনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
তথ্যসূত্র : রাইজিংবিডি