পিকনিকে গিয়ে নিমেষে জলে তলিয়ে গেল আট কিশোর, হাউহাউ করে কাঁদছে অসহায় পরিবার
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিঘাগর সৈকতে মর্মান্তিক দুর্ঘটনা। সমুদ্রের প্রবল স্রোতে তলিয়ে মৃত্যু হল পুনের একটি কোচিং সেন্টারের আট পড়ুয়ার।
প্রত্যেকেরই বয়স ১৬ বছর। পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী দলের তৎপরতায় সমুদ্র থেকে আট পড়ুয়ারই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের আলন্দির একটি বেসরকারি কোচিং সেন্টার ‘উইনার্স অ্যাকাডেমি’-র পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে মোট ৪৮ জনের একটি দল প্রায় ১৭০ কিলোমিটার দূরে দিঘাগর সৈকতে পিকনিকে গিয়েছিল।
দলে ছিলেন ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ছ’জন শিক্ষক। বিকেল সাড়ে ৫টা নাগাদ তাঁরা সমুদ্রের ধারে পৌঁছান। পুলিশের এক আধিকারিক জানান, দলের আট পড়ুয়া সমুদ্রে নেমেছিলেন।
জলের গভীরতা এবং স্রোতের তীব্রতা ঠিকমতো বুঝতে না পারায় আচমকাই তাঁরা প্রবল স্রোতে ভেসে যান। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন দিঘাগরের ‘ভাউ মারুতি সালুঙ্খে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুঙ্খে ও তাঁর দল।
জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে সমুদ্রে নেমে পড়েন তাঁরা। দীর্ঘ চেষ্টার পর সমুদ্র থেকে আট পড়ুয়ার দেহ উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর সন্তোষ আওয়াটি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন।
স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মৃতদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্তের জন্য দেহগুলি বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
মৃত পড়ুয়াদের নাম তন্ময় দত্তাত্রেয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বনসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকর, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্ডওয়ালকর এবং কৌস্তুভ সন্দীপ দাউন্ড।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, মৃত পড়ুয়াদের দেহ আলন্দিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের দুর্যোগ ব্যবস্থা দপ্তরের মন্ত্রী গিরিশ মহাজন।
পিকনিকে যাওয়া পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোচিং সেন্টারের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি, স্কুল-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভ্রমণে নিরাপত্তার ক্ষেত্রে শীঘ্রই কড়া নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
তথ্যসূত্র: আজকাল অনলাইন