শনিবার, অক্টোবর ০৩, ২০২৬

বিমানবন্দরে বিশৃঙ্খলা-তর্কবিতর্ক: জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০২ অক্টোবর ২০২৬ ০৭:১০ অপরাহ্ন
বিমানবন্দরে বিশৃঙ্খলা-তর্কবিতর্ক: জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।’


এর আগে শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায়।


উল্লেখ্য, বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হওয়া সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীকে যোগ দিয়েছেন। এদিন দলটির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।


বিমানবন্দরে বিশৃঙ্খলা-তর্কবিতর্ক: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলাবিমানবন্দরে বিশৃঙ্খলা-তর্কবিতর্ক: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা


আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই ছিল। এখন এই আসনে পাকুন্দিয়া উপজেলাও যুক্ত হয়েছে।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার নূর মোহাম্মদের কাছে হেরে যান আখতারুজ্জামান। তিনি জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন