আইনশৃঙ্খলা সভায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী, সমালোচনার পর খুঁজছে পুলিশ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাজাপ্রাপ্ত বিএনপি নেত্রী রেনু আক্তারের উপস্থিতি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। সভায় তার অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।
গত ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। রেনু আক্তার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ঢাকার গুলশান থানায় চেক ডিজঅনার-সংক্রান্ত একটি মামলায় চলতি বছরের ৪ মে রেনু আক্তারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ ৬৮ হাজার টাকা অর্থদণ্ড দেন ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ আদালত। পরে ৬ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ১৬ আগস্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরোয়ানাটি গলাচিপা থানায় পাঠানো হয়।
তবে নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকার বিষয়টি অস্বীকার করেছেন রেনু আক্তার। তার দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলায় তিনি গত আগস্ট চট্টগ্রামের আদালতে হাজির হয়েছিলেন।
উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, বিষয়টি তার নজরে আসেনি। তবে কারো কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, সভায় ওই ব্যক্তির সাজাপ্রাপ্ত আসামি হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের নজরে আসেনি। পরে বিষয়টি জানার পর তাকে গ্রেফতারে অভিযান চলছে।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, রেনু আক্তার দলীয় ব্যক্তিদের সঙ্গে সভায় এসেছিলেন। তিনি
আইনশৃঙ্খলা কমিটির সদস্য নন। কেউ সাজাপ্রাপ্ত কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখার বিষয়।
তথ্যসূত্র: জাগোনিউজ