বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

আদালতে ঢোকার আগে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

সোনার দেশ ডেস্ক ০৩ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৩ অক্টোবর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
আদালতে ঢোকার আগে হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান
হেলমেট ছুড়ে ফেলছেন আখতারুজ্জামান

প্রিজনভ্যান থেকে নেমে আদালতে প্রবেশের আগেই মাথায় পরানো হেলমেট ছুড়ে ফেলে দিলেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান।


শনিবার (৩ অক্টোবর) দুপুরে একটি প্রিজনভ্যানে হাতকড়া পরিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতের সামনে আনা হয়।


এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয়। প্রিজনভ্যান থেকে নামার আগেই দরজায় দাঁড়িয়েই মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলে দেন আখতারুজ্জামান।


এ সময় তিনি বলেন, ‘আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।


পুলিশ জানিয়েছে, পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি চলছে।


বিমানবন্দরে কর্মকর্তাকে হুমকির ঘটনায় দায়ের করা মামলায় শুক্রবার (২ অক্টোবর) বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।


গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়, যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। এরপর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের নামে মামলা দায়ের করা হয়।


তথ্যসূত্র: বাংলানিউজ