বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রি করলেন মামা

সোনার দেশ ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রি করলেন মামা
ভাগিনাকে বিক্রির দায়ে মামা গ্রেফতার/ ছবি: জাগো নিউজ

‎দিনাজপুরের পার্বতীপুরে নেশার টাকা জোগাতে সাড়ে চার মাস বয়সের ভাগিনাকে বিক্রির অভিযোগ উঠেছে মামা জিয়ারুল ইসলামের (২১) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেফতার ও বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় গ্রেফতারকৃত জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।


‎এর আগে রোববার (৪ অক্টোবর) রাতে পার্বতীপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।


‎গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়ার মনোয়ার ইসলামের ছেলে।


‎বিক্রি হওয়া চার মাস বয়সের শিশুর নাম মাহিম ইসলাম আনাস। সে দিনাজপুর সদর উপজেলার আনন্দসাগর নেমতারা গ্রামের আল-আমিন ইসলাম ও মনিরা বেগম দম্পতির ছেলে।


‎পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।


‎জানা গেছে, শনিবার রাত ১২টায় পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া নানার বাড়ি থেকে শিশুকে চুরি করে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয় মাদকাসক্ত মামা জিয়ারুল ইসলাম। পরে শিশুর খোঁজ না পাওয়ায় বাবা ও মা থানায় অভিযোগ করে। রোববার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিক্রি হওয়া জায়গা থেকে শিশুকে উদ্ধার করা হয়।


‎ওসি বলেন, চুরি হওয়া শিশুর বাবা বাদী হয়ে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেছে। মামলায় পাঁচজনকে আসামি করা হয়। বিকেলে গ্রেফতার জিয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।


তথ্যসূত্র: জাগোনিউজ