সাংবাদিককে না পেয়ে শিশু সন্তানকে থানায় নিলেন ওসি
খুলনার খানজাহান আলী থানায় দায়েরকৃত একটি মামলায় স্থানীয় দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ তারেককে আটক করতে গিয়ে না পেয়ে তার শিশু সন্তানকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রায় পাঁচ ঘণ্টা পর তাকে সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে গিলাতলা দক্ষিণপাড়ায় বাসা থেকে হিফজ বিভাগের শিক্ষার্থী মো. সিয়ামকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার নেতৃত্ব দেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলে অভিযোগ উঠেছে।
সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শিশুটিকে শারীরিকভাবে নির্যাতন ও গালিগালাজ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, শিশুটি কোনো মামলার আসামি নয়। তারপরও তাকে থানায় নিয়ে দীর্ঘ সময় রাখা হয়। থানায় অবস্থানকালীন তাকে তার বাবার নাম উল্লেখ করে অকথ্য ভাষায় তিরস্কার করা হয়। এরপর স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তৎপর হলে প্রায় প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যায় শিশুটিকে সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক সাইফুল্লাহ তারেক অভিযোগ করেন, “মাদক কারবারি শাবানার নিকটাত্মীয় আরমান শেখ হঠাৎ করে গফ্ফার ফুড মোড়ে গরু জবাই করে বিক্রি করেন, যার বর্জ্যতে পরিবেশ দূষিত হচ্ছিল। গফ্ফার ফুড মোড় দোকান মালিক সমিতির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে স্থানান্তরের সিদ্ধান্তের কথা জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে গফ্ফার ফুড মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমিসহ চারজনের নামে মামলা করেন। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। থানার ওসি কোনো ধরণের তদন্ত ও যাচাই-বাছাই ছাড়াই অতি উৎসাহী হয়ে মামলাটি রেকর্ড করেন।”
তিনি জানান, এলাকায় মাদক বিরোধী অবস্থানের কারণে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে খুলনা শিশু সুরক্ষা জোটের সভাপতি শামিমা সুলতানা শিলু বলেন, “সাংবাদিক সাইফুল্লাহ তারেকের শিশু সন্তানকে আটকের তীব্র নিন্দা জানাই। শিশু মানে সে তার পরিচয় সে শুধু শিশু। তার বাবার দায় সে নেবে কেনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার শিশুকে থানায় নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে বলেন, “শিশুটি সরকারি কাজে বাঁধা প্রদান করেছে। তাই তাকে ধরে আনা হয়েছিল।” তবে, কী ধরনের বাঁধা শিশুটি দিয়েছিল সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
তথ্যসূত্র: রাইজিংবিডি