বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

সোনার দেশ ০৭ অক্টোবর ২০২৬ ০২:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ০৭ অক্টোবর ২০২৬ ০২:১০ অপরাহ্ন
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থী, তদন্তে আসছে জাতিসংঘ

জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ফরিদা শাহিদ আগামী মাসে বাংলাদেশে আসছেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মবের শিকার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবেন। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর ঢাকা অফিস তাঁকে সহায়তা করবে।  


আগামী ২৩ নভেম্বর ফরিদা শাহিদের ঢাকায় আসার কথা। তিনি ৪ ডিসেম্বর পর্যন্ত থাকবেন। তাঁর বাকি কর্মসূচি নভেম্বরের শুরুতে চূড়ান্ত হবে। তবে বাংলাদেশে অবস্থানকালে তিনি মবে ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী এবং এ ধরনের ঘটনায় মারা যাওয়া শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।


মবের শিকার শিক্ষকদের সংগঠন ‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’ এ তথ্য জানিয়েছে। সংগঠনটির হিসাবে, বেপরোয়া মবকারীদের হাতে প্রায় সাড়ে চার হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত আটজন শারীরিক ও মানসিক আঘাতের পর মারা গেছেন। পাঁচ শতাধিক আহত বা অসুস্থ হয়েছেন। ৯৪০ জন শিক্ষক এখনও বেতন-ভাতা পাচ্ছেন না। মবের শিকারদের বেশির ভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক।  


ক্ষতিগ্রস্ত শিক্ষক নেতারা বলেন, এ বিষয়ে সরকারি কয়েকটি নির্দেশনা জারি করলেও অধিকাংশ প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করেনি। ফলে দুই বছর ধরে অনেক শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না। কারও শিক্ষক ইনডেক্স (এমপিওভুক্ত শিক্ষকদের শনাক্তকরণ নম্বর) বাতিল করা হয়েছে। কারও বেতন-ভাতা বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে আদালত ও শিক্ষা মন্ত্রণালয়ে বারবার আবেদন করেও অনেকে প্রতিকার পাননি।


পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোটের সভাপতি ও ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. বেদার উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ ও স্মারকলিপি দিয়ে আসছি। সরকারি নির্দেশনা থাকার পরও অনেক শিক্ষক কর্মস্থলে ফিরতে পারছেন না। জাতিসংঘের দল ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের বক্তব্য শুনলে প্রকৃত চিত্র উঠে আসবে।


জোটসূত্র জানায়, মবের শিকার শিক্ষকরা প্রয়োজনীয় তথ্যউপাত্তসহ তাদের অভিযোগ জাতিসংঘের শিক্ষা অধিকার কমিশনে পাঠিয়েছেন। এই সব অভিযোগ পাঠানের জন্য জাতিসংঘ থেকে একটি ফরমও তৈরি করে পাঠানো হয়। তাতে ২০০০ শব্দের মধ্যে অভিযোগ ও তথ্যউপাত্ত পাঠাতে বলা হয়। এতে হেনস্তার বর্ণনা, বর্তমান অবস্থা, অভিযোগ বা মামলার তথ্য, প্রত্যাশার সঙ্গে ঘটনার ছবি, ভিডিও, অডিও, আইন অমান্যের প্রমাণসহ অন্যান্য সহায়ক তথ্য পাঠাতে বলা হয়েছে। 


তবে কতজন শিক্ষক এ পর্যন্ত জাতিসংঘের কাছে অভিযোগ পাঠিয়েছেন তার সংখ্যা জানা যায়নি। একই সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তৎকালীন সরকারি দলের ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী মবের শিকার হয়েছে। সংগঠনের পদধারী শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরতে পারেনি। অনেকে পরীক্ষা দিতে গিয়েও মবের শিকার হয়েছে। 


জোটের সাধারণ সম্পাদক ও ধামরাইয়ের সূয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম তালুকদার বলেন, জোর করে পদত্যাগ, শারীরিক লাঞ্ছনা, বেতন বন্ধ করে দেওয়া ও কর্মস্থলে যেতে বাধা দেওয়ার কারণে শুধু শিক্ষক নন; শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়েছে।