বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

রাজশাহী ও সুনামগঞ্জ মেডিকেলের জন্য ৫৩০ কোটি টাকা অনুমোদন

সোনার দেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৭ অক্টোবর ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
রাজশাহী ও সুনামগঞ্জ মেডিকেলের জন্য ৫৩০ কোটি টাকা অনুমোদন
সংগৃহীত ছবি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যার হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টিস ভবন নির্মাণে ৪৯৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ১১ তলা এই ভবনের পাশাপাশি ভূগর্ভস্থ এক তলাও নির্মাণ করা হবে।


একই বৈঠকে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ টাকার বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি কেনার দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।


বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।


বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউডি-১-এর আওতায় হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টিস ভবন নির্মাণে ব্যয় হবে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা। সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রস্তাবক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।


১১ তলা ভবনে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টিস

প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনটির মূল অংশ হবে ১১ তলা। এর সঙ্গে থাকবে একটি ভূগর্ভস্থ তলা।


হাসপাতাল ও ক্লিনিক্যাল ফ্যাকাল্টিস ভবন নির্মাণের পাশাপাশি ভবনের দেওয়ানি কাজ, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন এবং অভ্যন্তরীণ বিদ্যুতায়নের কাজও করা হবে। ভবনের অভ্যন্তরীণ স্থায়ী সুবিধাদিও নির্মাণ করা হবে।


রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের মেয়াদ ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।


পূর্তকাজের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে চারটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। পরে দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা ঢাকার ওয়াহিদ কনস্ট্রাকশন লিমিটেডকে কাজটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য ব্যয় হবে ৪৯৭ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৩৬২ টাকা।


সুনামগঞ্জে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি

অন্যদিকে, ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন’ প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদের আওতায় বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি কেনার দুটি প্রস্তাবও অনুমোদন করেছে ক্রয় কমিটি। এ দুটি প্রস্তাবে মোট ব্যয় হবে ৩৩ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৬৭৮ টাকা।


এর মধ্যে প্যাকেজ জিডি-১০-এর লট-৫-এর আওতায় যন্ত্রপাতি কেনায় ব্যয় হবে ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকা। সরকারি উন্নয়ন বাজেট থেকে এ অর্থের সংস্থান করা হবে। এ প্রস্তাবের প্রস্তাবক স্বাস্থ্য সেবা বিভাগ এবং বাস্তবায়নকারী সংস্থা স্বাস্থ্য অধিদপ্তর।


লট-৫-এর আওতায় স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্মরোগ, রক্ত পরিসঞ্চালন চিকিৎসা, শ্বাসতন্ত্রের চিকিৎসা, মনোরোগ, দগ্ধ ও প্লাস্টিক সার্জারি এবং দুর্ঘটনা ও জরুরি বিভাগের জন্য বিভিন্ন হাসপাতাল সরঞ্জাম কেনা হবে।


এ কাজের জন্য উন্মুক্ত দরপত্রে দুটি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়। পরে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে একমাত্র গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজের কাছ থেকে ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকায় এসব যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।


সার্জারি ও ক্যানসার চিকিৎসার সরঞ্জামও কেনা হবে

একই প্রকল্পের প্যাকেজ জিডি-১০-এর লট-৩-এর আওতায় আরও ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকার মেডিকেল যন্ত্রপাতি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।


এই লটে সার্জারি, অস্ত্রোপচার কক্ষ ও ক্যানসার চিকিৎসা বিভাগের জন্য বিভিন্ন হাসপাতাল সরঞ্জাম কেনা হবে। এ কাজের জন্য উন্মুক্ত দরপত্রে ছয়টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে চারটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হয়।


পরে দরপত্রের সব প্রক্রিয়া শেষে কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী ই-ক্রয় ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত গ্রহণযোগ্য দরদাতা প্রতিষ্ঠান মেসার্স রাজু এন্টারপ্রাইজ, ঢাকার কাছ থেকে ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকায় এসব যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।


সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদ ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।


তথ্যসূত্র: বাংলানিউজ