বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ফুলবাড়ী সরকারি কলেজে প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

ফুলবাড়ী প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
ফুলবাড়ী সরকারি কলেজে প্রিয় শিক্ষককে অশ্রুসিক্ত বিদায়

একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবনে হয়ে ওঠেন আপনজন। দীর্ঘ সাড়ে পাঁচ বছরের শিক্ষকতায় ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমানও তেমনই এক প্রিয় শিক্ষক হয়ে উঠেছিলেন। তাই বদলির বিদায়ে আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা পরিবারের উদ্যোগে আয়োজিত বদলিজনিত বিদায় সংবর্ধনায় এমন আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষক মো. মতিউর রহমান ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে তার গড়ে ওঠে আন্তরিক ও স্নেহের সম্পর্ক। সহকর্মীদের কাছেও তিনি হয়ে ওঠেন ঘনিষ্ঠ একজন।


গত ৪ অক্টোবর তার বদলির আদেশ জারি হয়। ৭ অক্টোবর তিনি রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগে নতুন কর্মস্থলে যোগ দেন। এর পরদিনই ফুলবাড়ী সরকারি কলেজের বাংলা পরিবারের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে তাকে সম্মান জানান শিক্ষক-শিক্ষার্থীরা। স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী বক্তব্যে মো. মতিউর রহমানও ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দীর্ঘদিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুদ্দীন এমরান। উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক মো. মোহাইমিনুল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক পল্লাদ চন্দ্র রায়, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মো. মঞ্জুরুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. সাকিব রহমান।


বিদায়ের শেষ মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের চোখের জল যেন বলে দিচ্ছিল—কর্মস্থল বদলালেও একজন প্রিয় শিক্ষকের সঙ্গে গড়ে ওঠা ভালোবাসা ও মমতার সম্পর্ক সহজে বদলায় না।