খুলনায় এবার ছিনতাইকারীদের হামলার শিকার পুলিশ পরিদর্শক
খুলনায় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে গুরুতর আহত হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। এ সময় তারা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
শুক্রবার (৯ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় তারা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার দুই হাতে চাপাতি দিয়ে কোপ দেয়।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তথ্যসূত্র: জাগোনিউজ