বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দেবীগঞ্জ-বোদায় ২১৩ পূজামণ্ডপে চাল বরাদ্দ, সম্প্রীতি নষ্টের চেষ্টায় কঠোর বার্তা প্রতিমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি ০৯ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন জাতীয়
পঞ্চগড় প্রতিনিধি ০৯ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
দেবীগঞ্জ-বোদায় ২১৩ পূজামণ্ডপে চাল বরাদ্দ, সম্প্রীতি নষ্টের চেষ্টায় কঠোর বার্তা প্রতিমন্ত্রীর

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনে পঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার ২১৩টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চালের ডেলিভারি অর্ডার (ডিও) বিতরণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬০০ কেজি করে চাল। এদিকে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট কিংবা পূজা-অর্চনায় বাধা সৃষ্টির অপচেষ্টা চালানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


শুক্রবার (৯ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী। এর আগে সকালে বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ৯৬টি পূজামণ্ডপে একই পরিমাণ চালের ডিও বিতরণ করা হয়।


দেবীগঞ্জের অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার’—এই চেতনাকে ধারণ করে সরকার একটি সমৃদ্ধ রাষ্ট্র গড়তে কাজ করছে। তাঁর নির্বাচনী এলাকায় হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে পাশাপাশি বসবাস করবেন। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় হতে দেওয়া হবে না।


তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও দেবীগঞ্জ ও বোদা উপজেলায় আট হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে দল গঠন করা হয়েছে। এসব স্বেচ্ছাসেবী পূজা উদ্যাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবেন।


ধর্মীয় উসকানি দিয়ে পূজা-অর্চনায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রতিমন্ত্রী।


দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল দে সরকার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকারসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিশ রায়।


অন্যদিকে, বোদা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সরকারি জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে তিনি উপজেলার ৯৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও তুলে দেন।


বোদার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অন্নদা প্রসাদ এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।