বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নিখোঁজ শিশুর লাশ প্রতিবেশীর ঘরে

সোনার দেশ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১২:৪৭ অপরাহ্ন
নিখোঁজ শিশুর লাশ প্রতিবেশীর ঘরে
সংগৃহীত ছবি

ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামের তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

হালিমা আক্তার দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিচিন্তা এলাকার নাছির উদ্দিন ও রাশেদা আক্তার দম্পতির মেয়ে।

জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে হালিমা নিখোঁজ হয়।


পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মসজিদের মাইকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর প্রচার করা হয়।

বিকেল ৫টার দিকে শিশুর পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়।

খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন।


একপর্যায়ে প্রতিবেশী আবদুল আউয়ালের ঘর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবদুল আউয়াল, তার স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 


পুলিশ জানায়, শিশুটির বাবা নাসির উদ্দিনের সঙ্গে প্রতিবেশী আব্দুল আওয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরে প্রতিবেশীর ঘরের আলনার নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ