বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা

সোনার দেশ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
সৌদি বিমানবন্দরে হামলায় হতাহতের ঘটনায় বাংলাদেশের কড়া নিন্দা
ছবি: রয়টার্স

সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের হামলায় হতাহতের ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।


শনিবারের ওই হামলায় এখন পর্যন্ত দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা তিন শতাধিক।

রোববার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ‘দ্ব্যর্থহীনভাবে’ ১০ অক্টোবর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলার ‘কঠোর’ নিন্দা জানাচ্ছে , যেখানে দুই বাংলাদেশিরও মর্মান্তিক প্রাণহানি হয়েছে এবং আরও অসংখ্য আহত হয়েছেন।


হতাহত বাংলাদেশিদের বিস্তারিত জানার চেষ্টা চলছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিহতদের বিস্তারিত তথ্য পেতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করতে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে রিয়াদের বাংলাদেশ মিশন।


সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহত হয়েছেন ৩০৯ জন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি ভুক্তভোগীসহ নিহত সবার পরিবারের সদস্যের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ সরকার এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছে।

“বেসামরিক মানুষের জীবন বিপন্নকারী এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে যে কোনো হমালা অগ্রহণযোগ্য এবং তা এখনই থামাতে হবে।”


গত এক সপ্তাহের মধ্যে খালিদ বিমানবন্দর আরও দুইবার হামলার শিকার হয়েছে। তাতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


এসব হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে সংহতি জানানোর পাশাপাশি সংলাপ ও কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের সমাধান বের করার আহ্বান আবারও জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এই হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ পুনরায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতির জানাচ্ছে।


“অবিলম্বে সব ধরনের সংঘাত বন্ধ করা, বেসামরিক মানুষ ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা এবং ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ জানাচ্ছে।”


তথ্যসূত্র: বিডিনিউজ