অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে পর্যটকদের আসা ও অবস্থান বন্ধ থাকবে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী পরশুদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
এতে আরও বলা হয়, একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সাজেক ভ্রমণ চালুর বিষয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন