স্ত্রীকে হত্যার পর ৯৯৯ নম্বরে স্বামীর ফোন
নারায়ণগঞ্জ বন্দরে পারিবারিক কলহের জেরে সুফিয়া আক্তার নিশি (৩০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছেন তারই স্বামী আব্দুল মান্নান মনির।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে তিনগাঁও উত্তরপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। পরে অভিযুক্ত মনির নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। রাতেও তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার ভোরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ পরে গলাকেটে ঘুমন্ত নিশিকে হত্যা করেন মনির।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ড এমনটি ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তথ্যসূত্র: রাইজিংবিডি