পুঠিয়ায় টলির নিচে চাপা পড়ে প্রাণ গেল একজনের
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে পেছন থেকে ধানবোঝাই নসিমনের ধাক্কায় পাটবোঝাই টলি উল্টে গিয়ে আয়েজ উদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ধোকড়াকুল আখ সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েজ উদ্দিন মোল্লা নওগাঁর বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামের মৃত ফায়াজ মোল্লার ছেলে।
দুর্ঘটনাকবলিত টলির চালক মো. শুভর ভাষ্য, তাঁরা তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে টলিতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল আখ সেন্টারের পাশে পেছন থেকে আসা ধানবোঝাই একটি নসিমন তাঁদের টলিকে ধাক্কা দেয়। এতে পাটবোঝাই টলিটি উল্টে গেলে নিচে চাপা পড়ে আয়েজ উদ্দিন নিহত হন। দুর্ঘটনার পর নসিমনটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আয়েজ উদ্দিনকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী হিসেবে চালক শুভ বলেন, “আমার পেছনে তিন থেকে চারটি ট্রাক ছিল। সেগুলো সহজেই বের হয়ে গেছে। অথচ ধানবোঝাই ওই নসিমন আমাদের গাড়িতে ধাক্কা দিয়ে উল্টে দেয়। পরে গাড়ির নিচে চাপা পড়ে একজন মারা যান।”
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, তাহেরপুর সড়কে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।