বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে লাশ দাফনে বাধা পুলিশী হস্তক্ষেপে দাফন

ঈশ্বরদী প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১২ অপরাহ্ন
ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে লাশ দাফনে বাধা পুলিশী হস্তক্ষেপে দাফন

পাবনার ঈশ্বরদীতে উজ্জ্বল মল্লিক (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর পর তাঁর নিকট থেকে পাওনা টাকার দাবিতে লাশ দাফনে বাধা দিয়ে প্রায় ৩ ঘণ্টা লাশের খাটিয়া অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পাওনাদারদের টাকা পরিশোধের আশ্বাসের পর ৩ ঘণ্টা দেরিতে লাশ দাফন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত উজ্জ্বল মল্লিক ওই গ্রামের সফি মল্লিকের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, উজ্জ্বল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার সকালে তিনি মারা যান। এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে ওই ব্যবসায়ীর নিকট থেকে টাকা পাবেন বলে বেশ কয়েকজন ব্যবসায়ী তাঁর বাড়িতে এসে অবস্থান গ্রহণ করেন। এক পর্যায়ে লাশ দাফন করার জন্য মৃতদেহ খাটিয়ায় তোলা হলে লাশ দাফনে বাধ সাধেন তারা। লেনদেনের ৭ লাখ টাকা পাওনা পরিশোধ না করা হলে লাশ দাফন করতে দেওয়া হবেনা বলে লাশসহ খাটিয়া আটকে সেখানে অবস্থান গ্রহণ করেন তারা। 


মৃত উজ্জ্বল মল্লিকের স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামী ইটের ভাটাসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার সুবাদে কিছু মানুষ তার কাছে টাকা পাওনা রয়েছে দাবি করে আমার স্বামীর মরদেহ দাফনে বাধা দেয়। লাশসহ খাটিয়া ৩ ঘন্টা আটকে রাখেন তারা।


এ বিষয়ে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মুকুল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান, পাওনাদারদের আপত্তির মুখে উজ্জ্বল মল্লিকের মরদেহ দাফনে বিলম্ব হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকলের সঙ্গে আলাপ আলোচনা শেষে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে প্রায় ৩ ঘন্টা পর মৃত ব্যবসায়ির মরদেহ দাফন করা হয়।