আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন, সাবান পেল দুই শতাধিক শিক্ষার্থী
হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং শিশুদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে সাবান বিতরণ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাথাইলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ায় নায়ক হোন’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে নানা রোগের সংক্রমণ ঘটাতে পারে। তাই সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, হাত ধোয়ার মতো সাধারণ অভ্যাস ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, শিক্ষা কর্মকর্তা মাজাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, ব্র্যাকের ওয়াশ কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মাহাবুবা তালুকদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ইসরাৎ জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে সাবান বিতরণ করা হয়।