শিবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীদের সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুমূর্ষু রোগীদের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজের সার্বিক নির্দেশনায় এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু রোগীদের হাতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন যুবদলের নেতাকর্মীরা।
এ ছাড়া শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু ও শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল বাসারের নেতৃত্বে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন পলাশ বিশ্বাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহা. মুসলিম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহা. শরিফুল ইসলাম শিমুল, উপজেলা যুবদলের নির্বাহী সদস্য প্রভাষক মামুনুর রশিদসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।