বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

রাজাবাড়ি হাট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অরুন রাজওয়াড়ের

নিজস্ব প্রতিবেদক ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
রাজাবাড়ি হাট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অরুন রাজওয়াড়ের

রাজশাহীর গোদাগাড়ীতে রাজাবাড়ি হাট থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অরুন রাজওয়াড় (৪৫) নামের এক ব্যক্তি। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ছয়ঘাটি এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত অরুন রাজওয়াড় গোদাগাড়ী উপজেলার চৈতনপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের গণেশ রাজওয়াড়ের ছেলে। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজওয়াড়ের ভাগিনা তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে রাজাবাড়ি হাট থেকে সাইকেলে করে নিজ বাড়ি চৈতনপুর গ্রামে ফিরছিলেন অরুন রাজওয়াড়। পথে ছয়ঘাটি এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটিতে রাজশাহী র‌্যাব-৫-এর (বর্তমানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি) দুই সদস্য ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দুর্ঘটনায় অরুন রাজওয়াড় গুরুতর আহত হন।


পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অরুন রাজওয়াড়ের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।