বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

ধামইরহাটে ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে ধান নষ্টের অভিযোগ

ধামইরহাট প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
ধামইরহাটে ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করে ধান নষ্টের অভিযোগ

ধামইরহাটে ক্ষতিকারক রাসায়নিক আগাছানাশক স্প্রে করে ধান নষ্টের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় সরেজমিন গিয়ে জমির আংশিক ধান ক্ষতিগ্রস্থ দেখতে পাওয়া যায়। ভুক্তভোগী নজরুল ইসলাম বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 


বাদী আলমপুর ইউনিয়নের ভেড়ম গ্রামের মৃত আয়জান আলীর ছেলে নজরুল ইসলাম জানান, দাতা আফতার উদ্দিন সরকার পশুরামপুর মৌজাস্থ জেএল নং-১৩০ মোতাবেক এস.এ ৭৯ ও হাল ১৫৫ খতিয়ানমুলে ১৭২ দাগে  ৩ দশমিক ৪৩ একর জমির মধ্যে ২ দশমিক ৭২ একর জমি আব্দুল মান্নান, এনামুল, নজরুল ও আয়জান আলী বরাবর কবলা রেজিষ্ট্রি করে দেন। উক্ত জমিতে চলতি আমন মৌসুমে ধান রোপন করলে পূর্ব বিরোধের জের ধরে বিবাদী নাজমুল হোসেন সরকার গং এর সাথে বন্টন সংক্রান্ত বিরোধে নজরুল ইসলামের জমিতে দিনের বেলায় রাসায়নিক স্প্রে করে প্রতিপক্ষরা। এতে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে বাদী তার অভিযোগে দাবী করেন।


নজরুল ইসলাম বলেন, নাজমুল হোসেন সরকার এর নির্দেশে রেজাউল, মোস্তাফিজুর, মেহেদী হাসান তাদের পিতা আফতার হোসেনের অঙ্গীকার ভঙ্গ করে জমিতে গিয়ে আমার ক্ষতি সাধন করেছেন।


তবে অধিকতর তদন্তে সংবাদকর্মীরা বিষ ছেটানো পরেশ হাসদার সাথে কথা বললে তিনি বলেন, জমির মালিক নজরুল ইসলাম নয়- মুল মালিকের নির্দেশে পোকার বিষ দিতে গিয়েছিলাম, কোন ক্ষতিকারক বিষ দেইনি।’


এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে এস.আই আল আমিনকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে, তদন্ত রিপোর্ট ও ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।