বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক থাকার আহ্বান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক থাকার আহ্বান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের

কোমলমতি শিক্ষার্থীরা ডিজিটাল প্রতারণার ঝুঁকিতে রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ ডিজিটাল মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।


ঊুধবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংরবাটি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা ও ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ এ কর্মশালার আয়োজন করে।


শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাদক নানা অপরাধের অন্যতম কারণ। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তোলা ছাড়া সম্ভাবনাময় ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।


বাল্যবিবাহের বিষয়ে তিনি বলেন, এটি একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের অন্যতম কারণ। মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে অথবা নিকটস্থ থানায় জানাতে হবে।


আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে গৌতম কুমার বিশ্বাস বলেন, পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং কিংবা মানসিক কষ্টের কারণে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মন খারাপ বা হতাশা অনুভব করলে পরিবারের সদস্য, শিক্ষক, বন্ধু কিংবা পুলিশের সঙ্গে কথা বলতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়।


কর্মশালায় নামোশংরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বক্তব্য দেন।