বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

রাজশাহীতে নিরাপদ সড়ক দিবস পালিত, ট্রাফিক আইন মানার আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
রাজশাহীতে নিরাপদ সড়ক দিবস পালিত, ট্রাফিক আইন মানার আহ্বান

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে এসব কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেয় নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখা।


সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ব্যান্ডের বাদ্যযন্ত্রের তালে র‌্যালিটি কোর্ট এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, নিসচা এবং পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।


র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। সভা সঞ্চালনা করেন বিআরটিএ রাজশাহীর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান হক। বিশেষ অতিথি ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, প্রতিটি সড়ক নিরাপদ ও প্রতিটি যাত্রা নির্বিঘ্ন হওয়া সবার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসন, বিআরটিএ, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রয়োগ নয়, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোও জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে নিসচা দীর্ঘদিন ধরে কাজ করছে। এ কার্যক্রম আরও জোরদার করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলাম, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুল হক মানা এবং অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তারসহ পরিবহন খাতের প্রতিনিধিরা।


আলোচনায় রাজশাহী মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সড়ক নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা ও পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশার অযাচিত আমদানি বৃদ্ধি বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। জেলা ট্রাক গ্রুপের সভাপতি মো. রবিউল ইসলাম সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিআরটিএ ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।


সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি চালক, পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়।