বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

পুঠিয়ায় নিম্নমানের সামগ্রীতে কলেজ ভবন নির্মাণ, পাঁচ বছরেও শেষ হয়নি কাজ

পুঠিয়া প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
পুঠিয়ায় নিম্নমানের সামগ্রীতে কলেজ ভবন নির্মাণ, পাঁচ বছরেও শেষ হয়নি কাজ

রাজশাহীর পুঠিয়া উপজেলার পঁচামাড়িয়া ডিগ্রি কলেজের ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ২০২২ সালে কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি একতলা ভবনটির নির্মাণকাজ।


সরেজমিনে দেখা যায়, ভবনটির কাজ করছেন মাত্র একজন মিস্ত্রি ও একজন হেলপার। ব্যবহৃত ইটের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এ ছাড়া ছাদের ওপর একটি পিলারে রডের ওপর দেওয়া বালু-সিমেন্টের আস্তরণ খসে পড়তে দেখা গেছে। এতে ভবনের স্থায়িত্ব ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।


কলেজের একাধিক শিক্ষক অভিযোগ করেন, নির্মাণ কাজে ব্যবহৃত অধিকাংশ সামগ্রী মানসম্মত নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, এসব ইট দিয়ে গোয়ালঘরও টিকবে না। তাঁদের অভিযোগ, কাজের মান নিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। 


ঠিকাদারি প্রতিষ্ঠান এ.ই. টেকনো ফার্মের স্বত্বাধিকারী হিটু বলেন, অফিসের সমস্যায় অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ শেষ করতে দেরি হয়েছে। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন প্রকৌশলীরা কাজের মান তদারকি করছেন। 


কলেজের সভাপতি আলিম উদ্দিন প্রামাণিক বলেন, কাজ আমাদের পছন্দ নয়। ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ করছেন। ভবনটি কত দিন টিকবে জানি না।


অধ্যক্ষ বিষ্ণু পদ সাহাও কাজের মান নিয়ে অসস্তোষ প্রকাশ করে বলেন, প্রশ্ন তুললে ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। পুঠিয়া উপজেলার দায়িত্বে থাকা শিক্ষা প্রকৌশলী মো. গোলাম জিলানী বলেন, ঠিকাদারকে বারবার বলার পরও কাজ করতে চান না, থেমে থেমে কাজ করেন।


রাজশাহী জেলা সহকারী শিক্ষা প্রকৌশলী (সিভিল) ৩ মো. হারুন উর রশিদ বলেন, বিষয়টি দেখে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে কাজের মান যাচাই এবং দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।