বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

জনগণের অধিকার ফিরিয়ে দিন, নয়তো বিএনপির রাজনীতি করুন : প্রশাসনকে এমপি এনামুল

পত্নীতলা প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
জনগণের অধিকার ফিরিয়ে দিন, নয়তো বিএনপির রাজনীতি করুন : প্রশাসনকে এমপি এনামুল

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ, ফ্যামিলি কার্ড বিতরণ ও সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। তিনি বলেছেন, ‘জনগণের অধিকার ফিরিয়ে দিন, নয়তো প্রশাসনের চেয়ার ছেড়ে বিএনপির রাজনীতি করুন।’


২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে নওগাঁর পত্নীতলায় আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড চৌরাস্তা গোলচত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রশাসনের উদ্দেশে এমপি এনামুল হক বলেন, “আমরা গত ছয় মাসে দেখছি, খাদ্যবান্ধব ডিলার থেকে শুরু করে ফ্যামিলি কার্ড, সর্বশেষ সার ডিলার নিয়োগ—সবকিছুতেই সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। দেখে মনে হচ্ছে, প্রশাসনের সবাই এখন বিএনপির নেতা।”


তিনি আরও বলেন, “জনগণের অধিকার যদি জনগণকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আপনারা প্রশাসনের চেয়ার ছেড়ে বিএনপির সঙ্গে সরাসরি রাজনীতি করেন। তবুও জনগণ জানবে, আপনারা বিএনপি করেন।”


সমাবেশে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মুকিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট আক্তার ফারুক, নজিপুর পৌর জামায়াতের আমির মোফাচ্ছেল হক এবং জামায়াত মনোনীত নজিপুর পৌর মেয়র প্রার্থী মারুফ মোস্তফা।


এ ছাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ সোহেল রানাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।