পুঠিয়ায় ১০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক
রাজশাহীর পুঠিয়ায় ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ লিমন আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের কার্তিকপাড়া বাজার থেকে রাতোয়ালগামী কাঁচা রাস্তার পাশে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার লিমন আলী রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাস পূর্বপাড়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে। পলাতক সহযোগীর নাম মাইনুল ইসলাম (২২)। তিনি একই গ্রামের মাহাবুলের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারে নিয়োজিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বড়বড়িয়া গ্রামের কার্তিকপাড়া বাজার থেকে রাতোয়ালগামী সড়কের পাশে একটি আবাদি জমির কাছে দুই ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় লিমন আলীকে আটক করে তাঁর পরা জিনসের সামনের ডান পকেটে থাকা নীল জিপারযুক্ত পলিপ্যাক থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে মাইনুল ইসলাম পালিয়ে যান।
পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।