বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে

সোনার দেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে
কারাগারে পাঠানো বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেন

মাগুরায় বিএনপি নেতা মশিয়ার রহমানকে বাড়ি থেকে তুলে নিয়ে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শালিখা থানার সাবেক অফিসার ইনচার্জ  (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে বিচারক বর্ণালী রানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন। পরে তাকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় একটি মামলা করা হয়েছিল।


দীর্ঘদিন পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আইনি পদক্ষেপ নেয় নিহতের পরিবার। একই বছরের ১ অক্টোবর মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।


তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামির কাছ থেকে মামলার তদন্তসংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।


এদিকে, স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা মাগুরা, কুষ্টিয়া, আলমডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন এলাকায় কর্মরত থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যাসহ নানা ধরনের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


তথ্যসূত্র: রাইজিংবিডি