নগরীতে নির্মাণাধীন ভবনের টিনশেড ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নগরীতে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর সিপাইপাড়া এলাকায় নির্মাণকাজের জন্য তৈরি একটি টিনশেড ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টিনশেড ঘরের ভেতরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল ইসমাইলের মরদেহ। দুপুর ২টার দিকে রাজপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ইসমাইল হোসেন ওই এলাকায় মা ও ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নির্মাণাধীন ওই স্থাপনায় তিনি প্রহরীর কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। কয়েক দিন গ্রামের বাড়িতে কাটিয়ে বৃহস্পতিবারই কাজে যোগ দিয়েছিলেন তিনি।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা করা হয়।