পুঠিয়ায় এক বছর পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় এক বছরের বেশি সময় ধরে নিখোঁজ থাকা ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীকে সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি মো. হৃদয় (২৪) কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হৃদয় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন হৃদয়। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখানো হতো। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে একটি মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করা হয়। পরদিন ছাত্রীর বাবা মিজানুর রহমান বাদী হয়ে পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর থেকেই স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধেরহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ও সোহেল সুমনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় হৃদয়কে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অভিযানের সময় মামলার সহযোগী আসামি শরিফুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্কুলছাত্রীর বাবা মিজানুর রহমান বলেন, মেয়েকে উদ্ধারের জন্য দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন। পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন, সার্কেল এএসপির সঙ্গে যোগাযোগ করেছেন। পরে মানববন্ধন ও গণমাধ্যমের সহযোগিতাও নিয়েছেন। এত দিনেও মেয়েকে উদ্ধার করতে না পারায় প্রশাসনের কিছু ব্যক্তির দায়িত্বে অবহেলা ছিল বলে অভিযোগ করেন তিনি। অবশেষে মেয়েকে জীবিত ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, মেয়ের জীবনের মূল্যবান একটি বছর যারা কেড়ে নিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
তিনি আরও জানান, বর্তমানে তার মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রাখা হয়েছে। আদালতের মাধ্যমে মেয়েকে নিজের জিম্মায় ফিরে পাওয়ার আশা করছেন তিনি। তার দাবি, মেয়ের দেওয়া বক্তব্য অনুযায়ী, তাকে জোরপূর্বক তুলে নিয়ে সাতক্ষীরার বুধহাটা ইউনিয়নে প্রায় এক বছর আটকে রাখা হয়েছিল।
ওসি ফরিদুল ইসলাম বলেন, মামলার পর আসামিরা পলাতক ছিলেন। ভুক্তভোগীকে উদ্ধারে পুলিশের একাধিক দল ছদ্মবেশে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন চেষ্টা চালিয়েছে। অবশেষে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার ও স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।