শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

ঈশ্বরদী হয়ে পাবনা থেকে নতুন আন্তঃনগর ট্রেন যাবে ঢাকা, টিকিট বিক্রি শুরু

ঈশ্বরদী প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ০৯:৪০ অপরাহ্ন
ঈশ্বরদী হয়ে পাবনা থেকে নতুন আন্তঃনগর ট্রেন যাবে ঢাকা, টিকিট বিক্রি শুরু

অবশেষে দীর্ঘদিনের প্রত্যাশার পর পাবনা থেকে ঢাকা যাতায়াতের প্রথম আন্ত:নগর ট্রেন চালু হতে যাচ্ছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর রেল যোগাযোগের নতুন পথ উন্মোচিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ রুটে নতুন সংযোজন হিসেবে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে ঈশ্বরদীর যুবক দূর্জয় ইসলাম লিমন নামের এক যুবক প্রথম টিকিট ক্রয় করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই টিকিটের ছবি আপলোড করা হলে এ নিয়ে জনমনে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। অনেকে টিকিট কেটে ফেসবুকে পোষ্ট করে নানা মন্তব্য করেছেন। প্রথম টিকিট ক্রয়কারী দূর্জয় ইসলাম লিমন বলেন, ‘এ এক অন্যরকম অনুভুতি’। 


প্রাথমিকভাবে জানা গেছে, আগামী ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার নির্ধারিত তারিখের ১০ দিন আগে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে। বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, ট্রেন দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে পাবনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকা পর্যন্ত নন-এসি আসন ৩২৫ টাকা, এসি চেয়ার ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসন ৯৭৮ টাকা। আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশন ও ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।


উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে শুরু হবে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল। রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে একটি উদ্বোধনী বিশেষ ট্রেন ছেড়ে যাবে। এ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। উদ্বোধনী যাত্রায় অংশ নিতে আগ্রহীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। উদ্বোধনী বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী জংসন স্টেশনে যাত্রাবিরতি করবে।


নিয়মিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসবে বেলা ৩টা ২৫ মিনিটে।


নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।