তরুণ উদ্যোক্তাদের ঋণের সঙ্গে ৫০ শতাংশ অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ (টউণঙএ) কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তারা ব্যবসার জন্য ৫০ শতাংশ ঋণের পাশাপাশি সমপরিমাণ ৫০ শতাংশ অনুদান পাবেন। আবেদন গ্রহণ চলছে ১ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এ কর্মসূচি সম্পর্কে তরুণদের জানাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ হলরুমে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের বিভিন্ন ব্যাংকের আয়োজনে এতে উদ্যোক্তা নির্বাচন, ঋণ ও অনুদান প্রদান এবং ব্যবসা পরিচালনায় সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক মোহনপুর শাখার ব্যবস্থাপক ও লিড ব্যাংকের কর্মসূচি সভাপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের অতিরিক্ত পরিচালক মামুনুর রশিদ। তিনি কর্মসূচির লক্ষ্য, অর্থায়ন কাঠামো ও আবেদনপ্রক্রিয়া তুলে ধরেন।
কর্মশালায় জানানো হয়, প্রতিটি উপজেলায় সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে তাঁদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা করা হবে। অনুমোদিত প্রকল্পের জন্য ৫০ শতাংশ ঋণ ও ৫০ শতাংশ অনুদান দেওয়া হবে। তবে অনুদান পেতে হলে ঋণের যোগ্যতা অর্জন করতে হবে। শুধু অনুদানের জন্য আবেদন করা যাবে না।
উদাহরণ হিসেবে জানানো হয়, ১২ লাখ টাকার কোনো প্রকল্প অনুমোদিত হলে ছয় লাখ টাকা ঋণ ও ছয় লাখ টাকা অনুদান পাওয়া যেতে পারে। প্রকল্পের প্রয়োজন ও ব্যয় যাচাই করে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে আবেদনকারীর ব্যাংক হিসাবে জমা হবে।
কর্মসূচিতে সহায়ক জামানত ছাড়াও ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। তবে অর্থ ব্যক্তিগত ভোগ, জমি বা যানবাহন কেনার কাজে ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করলে কিংবা অর্থের যথাযথ ব্যবহার না হলে অনুদানের অর্থও ঋণে রূপান্তরিত হবে। সে ক্ষেত্রে পুরো অর্থ ঋণ হিসেবে পরিশোধ করতে হবে।
আগ্রহী তরুণদের নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে আগে থেকে ওই ব্যাংকে হিসাব থাকা বাধ্যতামূলক নয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও ব্যাংকের শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনের সঙ্গে পরিচয়পত্র, নাগরিক সনদ, শিক্ষাগত ও প্রশিক্ষণের সনদ (যদি থাকে) এবং দুই কপি ছবি জমা দিতে হবে। চূড়ান্ত মনোনয়নের পর ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করবে ব্যাংক। তবে মনোনয়ন পেলেই ঋণ অনুমোদন নিশ্চিত হবে না।
কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আওয়াল, কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, বাকশিসের উপজেলা সভাপতি মো. শাহ আলমসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা নির্বাচন, ব্যাংকঋণ প্রাপ্তি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।