শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

সিংড়ায় জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২

সিংড়া প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ১০:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ ১০:১০ অপরাহ্ন
সিংড়ায় জুয়ার আসরে অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২

নাটোরের সিংড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ দেড় লাখ টাকা, তাস ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে দুটি অনলাইন জুয়ার অ্যাপের সন্ধানও পেয়েছে পুলিশ।


বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে নাজিম উদ্দিন (৪২) এবং নয়া রাতাল কয়াকাস গ্রামের আমজাদ হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটায় সিংড়া থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী এসব তথ্য জানান।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায় পুলিশ। এ সময় কয়েকজনকে টাকা দিয়ে জুয়া খেলতে দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।


অভিযানে তাঁদের কাছ থেকে তাসের একটি সেট, জুয়া খেলার নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের একটিতে দুটি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় সিংড়া থানায় মামলা করা হয়েছে।