সাঁওতাল শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে রাবি হাল্ট প্রাইজের ‘আবেহাও’
সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্ন তুলে ধরতে ‘আবেহাও’ নামে একটি উদ্যোগ নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হাল্ট প্রাইজ।
বুধবার (১১ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা’র দ্বিতীয় পর্ব হিসেবে এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ নিয়ে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এছাড়াও কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং শিক্ষার বাস্তব চিত্র অনুধাবন করাই ছিল উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য। অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে। কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বার্তাও তুলে ধরতে চান তারা।
হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর মৃন্ময় সাহা বলেন, “প্রজেক্ট অগ্রযাত্রার দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে আমরা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, তাদের সংগ্রাম ও স্বপ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, শিক্ষা কোনো সুযোগ নয়, প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “একজন আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা, এই ছোট্ট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে। আমরা চাই, প্রতিটি শিশুর জীবনেই আসুক নতুন সকাল, প্রতিটি স্বপ্ন পাক বাস্তব হওয়ার সুযোগ।”